নাজমুল হোসেন শান্তর টেস্ট অধিনায়কত্ব থেকে পদত্যাগ
কলম্বো টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ইনিংস ব্যবধানে হারের পর বাংলাদেশ টেস্ট দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন নাজমুল হোসেন শান্ত। শনিবার (২৮ জুন) ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।
শান্ত বলেন, "আমার একটা ঘোষণা ছিল আমি বাংলাদেশ দলের টেস্ট অধিনায়কত্বের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিচ্ছি। আমি টেস্ট ফরম্যাটে আর অধিনায়কত্ব চালিয়ে যেতে চাই না।"
তিনি জানান, ব্যক্তিগত কোনো কারণে নয়, বরং দলের ভালোর জন্যই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। শান্ত মনে করেন, এতে দলের ভালো কিছু হবে। তার ব্যক্তিগত মতামত হলো, তিন ফরম্যাটে ভিন্ন ভিন্ন অধিনায়ক থাকাটা দলের জন্য কিছুটা কঠিন হতে পারে। তাই পুরো দলের ভালোর জন্যই তিনি এই দায়িত্ব থেকে সরে এসেছেন।
উল্লেখ্য, সম্প্রতি বিসিবি নাজমুল হোসেন শান্তকে ওয়ানডে ফরম্যাটের অধিনায়ক পদ থেকে সরিয়ে মেহেদি হাসান মিরাজকে দায়িত্ব দিয়েছে। এর আগে শান্ত নিজেই টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন ব্যাটিংয়ে আরও মনোযোগী হওয়ার জন্য। সেই সময় তিনি বোর্ডকে জানিয়েছিলেন যে তিনি টেস্ট ও ওয়ানডে দলের নেতৃত্ব চালিয়ে যেতে চান। বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল পরবর্তীতে বলেছিলেন, শান্তর ওয়ানডে অধিনায়কত্ব কেড়ে নেওয়া হয়নি, বরং বোর্ডের সবার সম্মতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং শান্ত নিজেও খেলোয়াড়সুলভ মানসিকতায় এটি মেনে নিয়েছেন।

0 Comments